স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র এবং দলীয় প্রতিযোগিতায় উসকানি দেওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) জহির উদ্দিন স্বপন।
তিনি বলেছেন, পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট ও গুপ্তরা মিলে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির ষড়যন্ত্র করছে। এ বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে, যাতে কেউ উসকানির ফাঁদে পা না দেন।
গত কয়েক দিনে বরিশালের গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিএনপি আয়োজিত একাধিক কর্মীসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। সভাগুলোতে নিজ নির্বাচনী এলাকার বিএনপি নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
সভায় উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতারা উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্যসচিব মিজানুর রহমান খান মুকুল।
জহির উদ্দিন স্বপন বলেন, দেশে বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা নিয়ে গোয়েন্দা প্রতিবেদন থাকার কথা প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই জাতিকে জানিয়েছেন। দেশের কয়েকটি স্থানে কলকারখানায় শ্রমিক অসন্তোষ সৃষ্টির চেষ্টার কথাও প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন বলে জানান তিনি।
দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে স্বপন বলেন, বিএনপিকে দুর্বল করার চেষ্টা ঠেকাতে সবাইকে ইস্পাতকঠিন ঐক্য গড়ে তুলতে হবে। স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে কেউ যেন দলের মধ্যে বিভেদ সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। একই সঙ্গে উন্নয়ন কর্মকাণ্ড যাতে বাধাগ্রস্ত না হয়, তা নিশ্চিত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।