বিএনপির সাবেক মহাসচিব ও বরেণ্য রাজনীতিবিদ কে এম ওবায়দুর রহমানের ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (১৯ মার্চ) এক বাণীতে মির্জা ফখরুল বলেন, কে এম ওবায়দুর রহমান ছিলেন স্বাধীনতা যুদ্ধের অন্যতম সংগঠক, ষাটের দশকের ছাত্রনেতা এবং দেশের একজন গণসম্পৃক্ত জাতীয় নেতা। তিনি যোগ্য নেতৃত্বের মাধ্যমে দলকে সুসংগঠিত ও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
তিনি বলেন, ছাত্রজীবন থেকে শুরু করে জাতীয় রাজনৈতিক জীবনের প্রতিটি পর্যায়ে স্বাধিকার, স্বাধীনতা ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে সক্রিয় ছিলেন ওবায়দুর রহমান। দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষায় তিনি আজীবন নিজেকে নিবেদিত রেখেছিলেন।
বিএনপি মহাসচিব আরও বলেন, “মরহুম কে এম ওবায়দুর রহমান মনেপ্রাণে একজন গণতন্ত্রী ছিলেন এবং বহুমতের প্রতি সহিষ্ণুতার ঐতিহ্যকে ধারণ করতেন। তিনি বহুদলীয় গণতন্ত্রের একনিষ্ঠ অনুসারী হিসেবে দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।”
তিনি উল্লেখ করেন, স্বাধীনতা যুদ্ধে সক্রিয় ভূমিকা পালনের মাধ্যমে ওবায়দুর রহমান জাতীয় ইতিহাসে গুরুত্বপূর্ণ স্থান করে নিয়েছেন। তাঁর আদর্শ ও রাজনৈতিক দর্শন বর্তমান প্রজন্মকে অনুপ্রাণিত করবে।
মির্জা ফখরুল বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জাতীয়তাবাদী আদর্শ এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নেতৃত্বে স্বৈরাচারবিরোধী আন্দোলন-সংগ্রামে কে এম ওবায়দুর রহমানের অবদান দল ও দেশবাসী চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে।
শেষে তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।