পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে রাজধানীসহ দেশের গুরুত্বপূর্ণ টার্মিনালগুলোতে ব্যাপক নজরদারি জোরদার করা হয়েছে।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, পুলিশের মহাপরিদর্শক, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি, বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স এসোসিয়েশন এবং বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন যৌথভাবে রাজধানীর গাবতলী, মহাখালী, সায়েদাবাদ, গুলিস্তান ও ফুলবাড়িয়াসহ গুরুত্বপূর্ণ স্থানগুলো সার্বক্ষণিক মনিটরিং করছে
প্রতিটি টার্মিনালে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের সমন্বয়ে মনিটরিং ক্যাম্প বসানো হয়েছে। এছাড়া শৃঙ্খলা বজায় রাখতে মালিক-শ্রমিক যৌথভাবে স্বেচ্ছাসেবক নিয়োগ দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, কোথাও অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইতোমধ্যে অনিয়মের অভিযোগে এক বাস কাউন্টার ম্যানেজারকে গ্রেপ্তার করে দণ্ড দেওয়া হয়েছে।
তবে এক বিবৃতিতে দাবি করা হয়েছে, বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি নামের একটি সংগঠনের পক্ষ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ এনে যে সংবাদ প্রচার করা হয়েছে, তা উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর। এ ধরনের তথ্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানানো হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, সংগঠনটির কোনো দৃশ্যমান কার্যক্রম বা জনসচেতনতামূলক কার্যক্রম লক্ষ্য করা যায়নি বলেও অভিযোগ করা হয়েছে।