ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাত বিশ্ব খাদ্য নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে বলে সতর্ক করেছেন বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও)-র প্রধান এনগোজি ওকোনজো-ইওয়েলা। তিনি আন্তর্জাতিক সরবরাহ ব্যবস্থা সচল রাখার গুরুত্বের ওপর জোর দিয়েছেন।
বৃহস্পতিবার সুইজারল্যান্ডের জেনেভায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ওকোনজো-ইওয়েলা বলেন, “মধ্যপ্রাচ্যের এই সংঘাত বিশ্ব খাদ্য নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে। জাহাজ চলাচলে বিঘ্ন এবং জ্বালানির মূল্য বৃদ্ধির কারণে সারের সরবরাহ কমে গেছে, ফলে সারের দাম বেড়েছে।”
বিশ্বের মোট নাইট্রোজেন সারের প্রায় এক-তৃতীয়াংশ হরমুজ প্রণালির মাধ্যমে পরিবহণ করা হয়। তিনি সতর্ক করেন, সরবরাহ ব্যবস্থায় দীর্ঘমেয়াদি বিঘ্ন হলে কৃষকরা সারের ব্যবহার কমিয়ে দিতে পারেন এবং কম সার প্রয়োজন এমন ফসল চাষ করতে বাধ্য হতে পারেন।
ওকোনজো-ইওয়েলা জোর দিয়ে বলেন, “বিশ্বব্যাপী খাদ্য বাণিজ্যের পথগুলো উন্মুক্ত এবং স্থিতিশীল রাখা জরুরি, যাতে যেখানে খাদ্যের সবচেয়ে বেশি প্রয়োজন সেখানে তা পৌঁছাতে পারে।”
সূত্র: আল জাজিরা