কক্সবাজারের চকরিয়ায় পুলিশের এক সদস্যের মৃত্যু নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু স্থানীয় অনলাইন পোর্টালে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়েছে। প্রচার করা হচ্ছে, মাদকবিরোধী অভিযানে গিয়ে এএসআই রুপন কান্তি নিহত হয়েছেন এবং সঙ্গে থাকা একজন এসআই আহত হয়েছেন। তবে প্রাথমিক অনুসন্ধানে এই দাবির সত্যতা পাওয়া যায়নি।
পুলিশ সূত্রে জানা যায়, ২৩ মার্চ ২০২৬ রাত আনুমানিক ৮টার দিকে চকরিয়া থানাধীন হারবাং পুলিশ ফাঁড়ির এএসআই (নিরস্ত্র) রুপন কান্তি হারবাং স্টেশন এলাকায় একটি দোকানে চা পান করার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং মাথা ঘুরে মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে দ্রুত চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ সময় তার সঙ্গে থাকা এসআই মো. মোজাফফর হোসেন সহকর্মীর এই অবস্থায় অসুস্থ হয়ে পড়েন। বর্তমানে তিনি চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন।
ঘটনার পর কিছু অনলাইন পোর্টাল ও ফেসবুক পেজে দাবি করা হয়, মাদকবিরোধী অভিযানে গিয়ে এএসআই রুপন কান্তি নিহত হয়েছেন এবং এসআই মোজাফফর আহত হয়েছেন। তবে সংশ্লিষ্টদের প্রাথমিক অনুসন্ধানে এমন কোনো অভিযানে যাওয়ার তথ্য পাওয়া যায়নি।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, ঘটনাটি একটি আকস্মিক অসুস্থতাজনিত মৃত্যু, এবং এটির সঙ্গে কোনো অভিযান বা সংঘর্ষের সম্পর্ক নেই।