ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসভার শাহপুর বাজার এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবা সেবনের দায়ে অলি (২৪) নামের এক যুবককে কারাদণ্ড দেওয়া হয়েছে।
রবিবার (২৯ মার্চ) রাত আনুমানিক ১০টার দিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্টে তাকে আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ছামিউল ইসলাম ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তার অপরাধ প্রমাণিত হওয়ায় ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
অভিযান চলাকালে কসবা থানা পুলিশের একটি চৌকস টিম আইনশৃঙ্খলা রক্ষায় সার্বিক সহযোগিতা করে।
স্থানীয় সূত্রে জানা যায়, শাহপুর বাজার এলাকায় মাদক সেবন ও বিক্রির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অভিযোগ ছিল। এরই প্রেক্ষিতে প্রশাসন এ অভিযান পরিচালনা করে।
ইউএনও মো. ছামিউল ইসলাম বলেন, মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।