ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের সামনের ফুটপাত দীর্ঘদিনের অবৈধ দখল, ময়লা-আবর্জনা ও অস্বাস্থ্যকর পরিবেশ থেকে বেরিয়ে নতুন রূপে সজ্জিত হয়েছে।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে সেখানে এখন ফুটে উঠেছে ফুলের টব, সবুজ গাছপালা এবং দেয়ালজুড়ে রঙিন ও নান্দনিক গ্রাফিতি।
বুধবার (১৫ এপ্রিল) দুপুরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম এই দখলমুক্তকরণ ও সৌন্দর্যবর্ধন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, রাজধানী ঢাকা বাংলাদেশের মুখমণ্ডল। তাই শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন, নিরাপদ ও বাসযোগ্য রাখা সকলের দায়িত্ব। বিশেষ করে হাসপাতাল এলাকায় রোগী ও স্বজনদের মানসিক স্বস্তি নিশ্চিত করতেই এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, সংশ্লিষ্ট সব সংস্থা ও নাগরিকদের সহযোগিতায় এই পরিবেশ দীর্ঘমেয়াদে ধরে রাখতে হবে।
ফুটপাত ব্যবস্থাপনা নিয়ে তিনি বলেন, সড়ক ও ফুটপাতে যত্রতত্র ব্যবসা করে জনদুর্ভোগ সৃষ্টি করা যাবে না। তবে হকার ও ক্ষুদ্র ব্যবসায়ীদের মানবিক দৃষ্টিতে পুনর্বাসনের বিষয়টিও বিবেচনায় রাখা হচ্ছে। নির্দিষ্ট স্থান, নির্দিষ্ট সময় ও লাইসেন্সের মাধ্যমে হকারদের ব্যবসার সুযোগ দেওয়ার পরিকল্পনা নেওয়া হচ্ছে। পাশাপাশি ‘হলিডে মার্কেট’ ও ‘নৈশকালীন মার্কেট’ চালুর কথাও ভাবা হচ্ছে।
ডিএসসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের তত্ত্বাবধানে বাস্তবায়িত এই পাইলট প্রকল্পের আওতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোকাররম ভবন থেকে চানখাঁরপুল পর্যন্ত প্রায় ১৩৫০ ফুট এলাকায় দেয়ালে গ্রাফিতি অঙ্কন করা হয়েছে। একই সঙ্গে ৫৫০টি ফুলের টব এবং ৬৫০টি সৌন্দর্যবর্ধক গাছ স্থাপন করা হয়েছে।
এছাড়া রোগীর স্বজনদের জন্য ৫০টি বসার আসন এবং পাহাড় আকৃতির দুটি দৃষ্টিনন্দন স্থাপনা নির্মাণের কাজ চলছে।
ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মাহাবুবুর রহমান তালুকদার বলেন, এটি একটি পরীক্ষামূলক উদ্যোগ। জনগণের ইতিবাচক সাড়া পেলে ঢাকা দক্ষিণ সিটির অন্যান্য গুরুত্বপূর্ণ এলাকাতেও এ ধরনের সৌন্দর্যবর্ধন প্রকল্প বাস্তবায়ন করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, ঢাকা মেডিকেল কলেজের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।