জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী জানিয়েছেন, বর্তমানে প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে মেধাকে প্রধান ভিত্তি ধরে ৯৩ শতাংশ নিয়োগ দেওয়া হচ্ছে।
বৃহস্পতিবার জাতীয় সংসদে এ তথ্য তুলে ধরা হয়। চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের বিরোধী দলীয় সংসদ সদস্য মো. নূরুল ইসলামের লিখিত প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২৩ জুলাই ২০২৪ সালের প্রজ্ঞাপন অনুযায়ী এই নিয়োগ কাঠামো কার্যকর রয়েছে।
তিনি বলেন, বিদ্যমান নীতিমালায় মোট নিয়োগের মধ্যে
৯৩ শতাংশ মেধার ভিত্তিতে,
৫ শতাংশ মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের জন্য,
১ শতাংশ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য,
এবং ১ শতাংশ শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য সংরক্ষিত রাখা হয়েছে।
সরকারি নিয়োগ প্রক্রিয়ায় এই অনুপাত অনুসারেই প্রথম ও দ্বিতীয় শ্রেণির পদে নিয়োগ কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে প্রতিমন্ত্রী সংসদকে জানান।