বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ ‘বাংলার জয়যাত্রা’ হরমুজ প্রণালি অতিক্রম করতে না পারার ঘটনায় সরকার কূটনৈতিক পর্যায়ে সক্রিয়ভাবে কাজ করছে বলে জানিয়েছেন নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।
শনিবার চট্টগ্রামে ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটের ২৮তম ব্যাচের রেটিংসদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে এবং দ্রুত সমাধানের লক্ষ্যে প্রয়োজনীয় কূটনৈতিক উদ্যোগ অব্যাহত রয়েছে।
জ্বালানি সরবরাহ নিয়ে মন্ত্রী বলেন, দেশে তেলের কোনো প্রকৃত ঘাটতি নেই। চাহিদা অনুযায়ী পেট্রোল পাম্পে সরবরাহ অব্যাহত আছে। তবে একটি অসাধু চক্র কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি। এ প্রসঙ্গে তিনি জানান, বিভিন্ন স্থানে বিপুল পরিমাণ ডিজেল মজুতের ঘটনা ধরা পড়েছে এবং সরকারের পক্ষ থেকে এ ধরনের অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, আন্তর্জাতিক পরিস্থিতির কারণে কিছু চাপ থাকলেও সরকার জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে সর্বোচ্চ চেষ্টা করছে। তাঁর ভাষায়, দেশে পর্যাপ্ত মজুত রয়েছে এবং সাধারণ মানুষের উদ্বিগ্ন হওয়ার মতো পরিস্থিতি নেই।
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল বিদেশি অপারেটরের কাছে হস্তান্তরের সম্ভাবনা নিয়ে প্রশ্নের জবাবে শেখ রবিউল আলম বলেন, এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তিনি জানান, সরকারের সিদ্ধান্তে দেশের স্বার্থই সর্বোচ্চ অগ্রাধিকার পাবে। বন্দরের লাভজনকতা, প্রযুক্তিগত অগ্রগতি এবং সামগ্রিক জাতীয় সুবিধা বিবেচনায় রেখেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।