রাজধানীর কাফরুল এলাকায় গার্মেন্টস ব্যবসায়ীর কাছ থেকে এক কোটি টাকা চাঁদা দাবি ও গুলিবর্ষণের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৪।
রবিবার (১৯ এপ্রিল) রাতে র্যাব-৪ এর একটি আভিযানিক দল ঢাকা মহানগরীর মিরপুর এলাকায় অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে। গ্রেপ্তাররা হলো— রানা (৩১), মো. সাগর শেখ (২৮), মো. কালু (২৮) এবং শশী (২২)।
মামলার এজাহার ও প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ভুক্তভোগী এ কে এম এ্যাপারেলস গার্মেন্টসের মালিক ১৮ এপ্রিল ২০২৬ তারিখ সন্ধ্যায় অফিসে কাজ করার সময় ১২/১৩ জন দুস্কৃতিকারী তার কক্ষে প্রবেশ করে এক কোটি টাকা চাঁদা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা অস্ত্র প্রদর্শন করে দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে এবং লকার ভাঙচুর করে। এরপর তিন দিনের মধ্যে টাকা না দিলে হত্যার হুমকি দেয় এবং সিসি ক্যামেরার ডিভিআর ও হার্ডডিস্ক নিয়ে যায়।
এ ঘটনায় কাফরুল থানায় একটি মামলা করা হয়। পরে র্যাব ছায়াতদন্ত শুরু করে এবং সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিদের শনাক্ত করে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে।
জিজ্ঞাসাবাদে জানা যায়, এ ঘটনার মূল পরিকল্পনাকারী রানা। তিনি আগেই গার্মেন্টসটির অবস্থান ও নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করে চাঁদা আদায়ের পরিকল্পনা করেন। পরে তারা অস্ত্রসহ ঘটনাস্থলে প্রবেশ করে চাঁদা দাবি ও গুলিবর্ষণের ঘটনা ঘটায়।
র্যাব আরও জানায়, গ্রেপ্তাররা মিরপুর, কাফরুলসহ আশপাশের এলাকায় চাঁদাবাজি, মাদক ও আধিপত্য বিস্তারসহ বিভিন্ন অপরাধে জড়িত ছিল এবং তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।