চলমান জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় সরকার ও বিরোধী দলকে নিয়ে ১০ সদস্যের যৌথ কমিটি গঠনের প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার জাতীয় সংসদে জ্বালানি পরিস্থিতি নিয়ে আলোচনায় তিনি জানান, কমিটিতে সরকারি দল ও বিরোধী দল থেকে পাঁচজন করে সদস্য থাকবেন। কমিটির নেতৃত্বে থাকবেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
প্রধানমন্ত্রী বলেন, জ্বালানি সংকট শুধু বাংলাদেশের নয়, এটি বৈশ্বিক বাস্তবতার অংশ। তবে দেশের মানুষের স্বার্থে সরকার যেকোনো গঠনমূলক আলোচনায় বসতে প্রস্তুত।
তিনি আরও বলেন, বিরোধী দলের কোনো বাস্তবসম্মত পরামর্শ থাকলে তা এই কমিটির মাধ্যমে সরকারের কাছে আসবে। প্রস্তাবগুলো কার্যকরযোগ্য হলে সরকার তা বাস্তবায়নের উদ্যোগ নেবে।
সরকারি দলের পক্ষ থেকে কমিটির জন্য যে পাঁচজনের নাম ঘোষণা করা হয়েছে, তারা হলেন জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান, মইনুল ইসলাম খান শান্ত এবং মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।
এর আগে বুধবার সংসদে বিরোধীদলীয় নেতা জ্বালানি পরিস্থিতি নিয়ে সরকারের সঙ্গে বসে সমাধান খোঁজার প্রস্তাব দেন। সেই প্রস্তাবের জবাবেই বৃহস্পতিবার প্রধানমন্ত্রী যৌথ কমিটির কাঠামো তুলে ধরেন এবং বিরোধী দলকে পাঁচজন সদস্যের নাম দিতে আহ্বান জানান।
প্রধানমন্ত্রীর প্রস্তাবকে ইতিবাচকভাবে গ্রহণ করেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, জাতীয় সমস্যা সমাধানে সংসদই যেন কেন্দ্রীয় ভূমিকা পালন করে, সেটাই তাদের প্রত্যাশা। বিরোধী দলের পক্ষ থেকে শিগগিরই নাম দেওয়া হবে বলেও জানান তিনি।
জ্বালানি তেল, গ্যাস সরবরাহ এবং মূল্য পরিস্থিতি নিয়ে কয়েকদিন ধরে সংসদে আলোচনা চলছিল। এর মধ্যেই সরকার ও বিরোধী দলের যৌথ আলোচনার এই প্রস্তাবকে সংকট সমাধানে একটি রাজনৈতিক সমঝোতার উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।