কৃষি উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন ও পানির প্রবাহ স্বাভাবিক রাখার লক্ষ্যেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশব্যাপী খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান।
রোববার রাঙ্গামাটি সদর উপজেলার সাপছড়ি ও কুতুকছড়ি ইউনিয়নে কয়েকটি গুরুত্বপূর্ণ খাল পুনঃখনন কাজের উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।
মন্ত্রী জানান, ৮ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে প্রায় ৩৩ কিলোমিটার খাল পুনঃখনন করা হবে। এর মধ্যে মানিকছড়ি ছড়া ব্রিজ থেকে বড়পাড়া নালা পর্যন্ত এবং কুতুকছড়ি বাজার থেকে মোনতলা, মাউরুম ও বগাছড়ি পর্যন্ত খাল খনন অন্তর্ভুক্ত রয়েছে।
তিনি বলেন, খাল ভরাট ও দখলের কারণে বর্ষায় পানি নিষ্কাশন ব্যাহত হয় এবং শুষ্ক মৌসুমে পানির সংকট দেখা দেয়। এতে কৃষি, পরিবেশ ও জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হয়।
বর্তমান সরকারের ৩১ দফা সংস্কার কর্মসূচির অংশ হিসেবে ১৮০ দিনের অগ্রাধিকার পরিকল্পনায় খাল খনন কার্যক্রম আবার শুরু হয়েছে বলে জানান মন্ত্রী।
তিনি আরও বলেন, এই কর্মসূচি কৃষি উৎপাদন বাড়ানোর পাশাপাশি স্থানীয় পর্যায়ে নতুন উদ্যোক্তা ও আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করবে। এতে পার্বত্য অঞ্চলের অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে।