চলমান মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে সৌদি আরবের পাশে থাকার বার্তা দিয়েছে বাংলাদেশ। রিয়াদে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রী ইঞ্জিনিয়ার ওয়ালিদ আবদুল করিম আল-খুরাইজির সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এ সংহতির বার্তা তুলে ধরেন।
বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী প্রিন্স মোহাম্মদ বিন সালমানের কাছে পাঠানো বিশেষ বার্তা হস্তান্তর করা হয়। হুমায়ুন কবির জানান, সংকটময় এই সময়ে বাংলাদেশ সরকার ও জনগণ সৌদি আরবের প্রতি দৃঢ় সমর্থন জানাচ্ছে।
আলোচনায় অর্থনীতি, জ্বালানি এবং পারস্পরিক সহযোগিতার নতুন ক্ষেত্র নিয়েও কথা হয়। বাংলাদেশ দুই দেশের সম্পর্ক আরও গভীর ও বহুমুখী করতে আগ্রহী বলে জানান উপদেষ্টা।
এ ছাড়া সৌদি বাদশাহ ও যুবরাজকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানানো হয়েছে। সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।