যশোরে আধুনিক চিকিৎসাসেবা সম্প্রসারণের লক্ষ্যে ৫০০ শয্যা বিশিষ্ট যশোর মেডিকেল কলেজ হাসপাতাল ভবনের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার দুপুরে শহরের চাচড়া এলাকার হরিণার বিলে হাসপাতাল ভবনের ফলক উন্মোচন করেন তিনি। এ সময় সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য হলো দ্রুত ও সহজভাবে মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া। শুধু চিকিৎসা নয়, মানুষকে সচেতন করে অসুস্থতা থেকে দূরে রাখাও সরকারের অন্যতম পরিকল্পনা।
তিনি আরও বলেন, দেশকে এগিয়ে নিতে হলে একটি সুস্থ ও সবল জাতি গড়ে তুলতে হবে। জনগণের সহযোগিতা পেলে স্বাস্থ্যসেবাকে মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়া আরও সহজ হবে।
উল্লেখ্য, যশোরে মেডিকেল কলেজ স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছিল ২০০৬ সালে। পরে হরিণার বিলে জমি অধিগ্রহণ করে কলেজের কার্যক্রম শুরু হয়। দীর্ঘদিন হাসপাতাল না থাকায় স্থানীয়ভাবে দাবি উঠেছিল পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণের। সেই ধারাবাহিকতায় ৫০০ শয্যার হাসপাতাল প্রকল্প অনুমোদনের পর এবার নির্মাণকাজ আনুষ্ঠানিকভাবে শুরু হলো।