12
মালয়েশিয়া থেকে ২৬ হাজার ৫০০ টন অকটেন বহনকারী হংকংয়ের পতাকাবাহী জাহাজ ‘কুইচি’ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে। এটি এপ্রিল মাসে দেশে আসা অকটেনের তৃতীয় চালান।
এর আগে ৮ এপ্রিল ২৬ হাজার টন এবং ১৭ এপ্রিল ২৭ হাজার টন অকটেন নিয়ে আরও দুটি জাহাজ দেশে আসে। সংশ্লিষ্টদের মতে, দৈনিক প্রায় ১২০০ টন চাহিদা বিবেচনায় এই সরবরাহ দুই মাসের বেশি সময় জ্বালানি চাহিদা পূরণে সহায়ক হবে।
জাহাজটি বুধবার রাতে পৌঁছানোর কথা থাকলেও বৈরী আবহাওয়ার কারণে প্রায় ১৫ ঘণ্টা দেরিতে বৃহস্পতিবার সকালে বহির্নোঙরে ভিড়ে। স্থানীয় শিপিং এজেন্ট প্রাইড শিপিং লাইন জানিয়েছে, জাহাজ থেকে তেল খালাসের প্রস্তুতি নেওয়া হয়েছে।
তবে বন্দরের সীমিত ডলফিন জেটি ও প্রতিকূল আবহাওয়ার কারণে বার্থিং ও খালাস কার্যক্রমে কিছুটা বিলম্ব হতে পারে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, জাহাজটি ২ মে নাগাদ জেটিতে ভিড়তে পারে।