আগামী ৮ মে কুষ্টিয়ার শিলাইদহে রবীন্দ্রজয়ন্তী এবং ২৫ মে ময়মনসিংহের ত্রিশালে নজরুল জয়ন্তী উদযাপন করা হবে বলে জানিয়েছেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী। তিনি জানান, এ উপলক্ষে দেশব্যাপী নানা আয়োজন থাকবে।
শনিবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যশালা মিলনায়তনে সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠান ‘সুরসপ্তক’ আয়োজিত ‘বর্ষবিদায় ১৪৩২ ও বর্ষবরণ ১৪৩৩’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সংস্কৃতি মন্ত্রী বলেন, অপসংস্কৃতি মোকাবিলায় সবচেয়ে কার্যকর শক্তি হলো দেশের হাজার বছরের সমৃদ্ধ ও সুস্থ সংস্কৃতি। সংস্কৃতি মন্ত্রণালয় দেশজুড়ে ঐতিহ্যবাহী সংস্কৃতি চর্চা আরও জোরদার করবে।
তিনি আরও বলেন, মাদকের ভয়াবহতা এখন যুবসমাজের জন্য বড় উদ্বেগ। স্কুল-কলেজের শিক্ষার্থী থেকে শুরু করে তরুণ প্রজন্মকে সুস্থ সংস্কৃতির সঙ্গে যুক্ত করতে পারলে অপসংস্কৃতি ও মাদকের প্রভাব কমানো সম্ভব।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুরসপ্তকের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, একুশে পদকপ্রাপ্ত সঙ্গীতশিল্পী ফেরদৌস আরা। তিনি বলেন, নতুন প্রজন্মের কাছে শিকড়ের গান ও সংস্কৃতি পৌঁছে দেওয়াই সুরসপ্তকের অন্যতম লক্ষ্য।
আয়োজনে সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মসহ বিভিন্ন মন্ত্রণালয়, প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
সাংস্কৃতিক পর্বে ফেরদৌস আরা ছাড়াও দেশের বরেণ্য শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন।