এ বছর কোরবানির জন্য পশুর চাহিদা রয়েছে ১ কোটি ১ লাখ ৬ হাজার ৩৩৪টি বলে জানিয়েছেন প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি বলেন, দেশে কোরবানির পশুর কোনো ঘাটতি নেই। দেশীয় খামারিরা এখন এতটাই সক্ষম হয়েছেন যে, নিজেদের উৎপাদিত পশু দিয়েই জাতীয় চাহিদা পূরণ সম্ভব হচ্ছে। বর্ডার দিয়ে পার্শ্ববর্তী দেশ থেকে পশু ঢোকার ব্যাপারে কঠোর অবস্থানে সরকার।
রবিবার (৩ মে) রাজধানীতে কোরবানির পশু নিয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ সময় প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকুও উপস্থিত ছিলেন।
তিনি জানান, এ বছর কোরবানির জন্য পশুর চাহিদা রয়েছে ১ কোটি ১ লাখ ৬ হাজার ৩৩৪টি। এর বিপরীতে পশুর সংখ্যা ১ কোটি ২৩ লাখ ৩৩ হাজার ৮৪০টি। সেই হিসেবে ২২ লাখ ২৭ হাজার ৫০৬টি পশু বেশি আছে।
প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, ১ কোটি ২৩ লাখ ৩৩ হাজার ৮৪০টি পশুর মধ্যে গরু ও মহিষের সংখ্যা ৫৬ লাখ ৮৫ হাজার ৮৭৮টি। ছাগল ও ভেড়া ৬৬ লাখ ৩২ হাজার ৩০৭ টি এবং উট, দুম্বাসহ অন্যান্য প্রজাতি রয়েছে ৫ হাজার ৬৫৫টি।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, এবার বর্ডারে পশুর হাট বসানোর অনুমোদন দেওয়া হয়নি। যাতে বর্ডার দিয়ে পশু আসতে না পারে।