আগামী এক বছরের মধ্যে স্থানীয় পর্যায়ের সব নির্বাচন সম্পন্ন করার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলন-২০২৬ এর আলোচনা পর্ব শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, স্থানীয় সরকার গণতন্ত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত্তি। তৃণমূলের এই প্রতিষ্ঠানকে শক্তিশালী করা গেলে গণতন্ত্রও আরও শক্তিশালী হবে।
তিনি জানান, জেলা প্রশাসকদের সঙ্গে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কার্যক্রম, মাঠপর্যায়ের সমস্যা এবং উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন নিয়ে আলোচনা হয়েছে। জেলা প্রশাসকদের দেওয়া পরামর্শগুলো গুরুত্বের সঙ্গে নেওয়া হয়েছে।
মন্ত্রী বলেন, সরকারের কর্মসূচি বাস্তবায়নে জেলা প্রশাসকদের নেতৃত্ব দিতে হবে এবং জনগণকে সঙ্গে নিয়েই সব কাজ এগিয়ে নিতে হবে। কারণ জনগণই দেশের প্রকৃত মালিক।
স্থানীয় অবকাঠামো প্রসঙ্গে তিনি বলেন, গত কয়েক বছরে রাস্তাঘাট ও যোগাযোগ ব্যবস্থার সংস্কারে যথাযথ নজর দেওয়া হয়নি। একই সঙ্গে স্থানীয় সরকার শুধু রাস্তা সংস্কার নয়, বিশুদ্ধ পানি সরবরাহ, প্রাথমিক শিক্ষা এবং জনসেবার নানা ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
মির্জা ফখরুল আরও বলেন, গত ১৬ বছরে স্থানীয় সরকার ব্যবস্থার যোগাযোগ ও অবকাঠামো খাত ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ব্যাপক দুর্নীতির অভিযোগ রয়েছে। এসব অনিয়ম তদন্ত করা হবে এবং ভবিষ্যতে যাতে এ ধরনের দুর্নীতি না ঘটে, সে বিষয়ে মন্ত্রণালয় কঠোর নজর রাখবে।