প্রায় আড়াই মাসের বিরতির পর দেশে আসছে অপরিশোধিত জ্বালানি তেলের চালান। সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে ছেড়ে আসা ১ লাখ টন ক্রুড অয়েলবাহী ট্যাংকার এমটি নিনেমিয়া আজ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছানোর কথা রয়েছে।
চালানটি পৌঁছানোর পর খালাস কার্যক্রম শুরু হবে এবং তেল ইস্টার্ন রিফাইনারিতে নেওয়া হবে। সংশ্লিষ্টরা আশা করছেন, কাঁচামাল সরবরাহ শুরু হলে ৭ অথবা ৮ মে থেকে দেশের একমাত্র রাষ্ট্রীয় জ্বালানি তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেড আবার উৎপাদনে ফিরতে পারবে।
ক্রুড অয়েল সংকটের কারণে গত ১২ এপ্রিল রিফাইনারিটির মূল প্ল্যান্টে উৎপাদন বন্ধ হয়ে যায়। দেশের জ্বালানি চাহিদার প্রায় ২০ শতাংশের কিছু কম জোগান আসে এই রিফাইনারি থেকে।
বন্দর সূত্রে জানা গেছে, মধ্যপ্রাচ্য পরিস্থিতির কারণে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে বিঘ্ন সৃষ্টি হওয়ায় বাংলাদেশে ক্রুড অয়েল আমদানি ব্যাহত হয়। সর্বশেষ চালান এসেছিল ১৮ ফেব্রুয়ারি। এরপর বিকল্প রুট ব্যবহার করে ইয়ানবু বন্দর থেকে এমটি নিনেমিয়া চট্টগ্রামের উদ্দেশে রওনা দেয়।
বাংলাদেশ শিপিং করপোরেশন জানিয়েছে, বহির্নোঙরে লাইটারিংয়ের মাধ্যমে ছোট জাহাজে তেল খালাস করে ইস্টার্ন রিফাইনারিতে নেওয়া হবে।
উৎপাদন স্বাভাবিক রাখতে আরও ২ লাখ টন ক্রুড অয়েল আমদানির প্রক্রিয়া চলছে। আগামী ১০ মে সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা বন্দরে ১ লাখ টন ক্রুড লোড হওয়ার কথা, যা ২০ থেকে ২১ মে চট্টগ্রামে পৌঁছাতে পারে। মে মাসের শেষ বা জুনের শুরুতে সৌদি আরব থেকে আরও ১ লাখ টন ক্রুড আনার প্রস্তুতিও চলছে।
ইস্টার্ন রিফাইনারি বছরে প্রায় ১৫ লাখ মেট্রিক টন ক্রুড অয়েল পরিশোধন করে। দৈনিক উৎপাদন সক্ষমতা প্রায় ৪ হাজার থেকে সাড়ে ৪ হাজার মেট্রিক টন, যার মধ্যে ডিজেলের অংশ প্রায় ৪৫ শতাংশ।