পিরোজপুর জেলার ক্ষতিগ্রস্ত ও বেহাল সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এ নির্দেশনা দেন বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর প্রেস উইং।
বৈঠকে পিরোজপুর জেলায় এলজিইডির অধীনে বাস্তবায়িত ও চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, সমস্যা এবং করণীয় নিয়ে আলোচনা হয়।
প্রধানমন্ত্রী বলেন, দেশের সড়ক যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক ও নির্বিঘ্ন রাখা সরকারের অগ্রাধিকার। দীর্ঘদিন ধরে অবহেলিত ও বেহাল সড়কগুলো দ্রুত সংস্কার ও মেরামতের আওতায় আনতে হবে।
পিরোজপুরের মানুষের ভোগান্তি কমাতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন তিনি।
বৈঠকে কর্মকর্তারা জেলার এলজিইডি প্রকল্পগুলোর বাস্তবায়ন পরিস্থিতি তুলে ধরেন। আলোচনায় বিগত সরকারের সময় কয়েকটি প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের বিষয়টিও উঠে আসে।
এ সময় প্রধানমন্ত্রী উন্নয়ন কাজে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্ব দেন।
বৈঠকে স্থানীয় সরকার ও গণপূর্ত সংশ্লিষ্ট প্রতিমন্ত্রী, পিরোজপুরের সংসদ সদস্য এবং সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।