স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং খাল খনন কর্মসূচির মতো উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে।
বুধবার রাজধানীর বনানীর একটি হোটেলে ‘দ্য কম্পাস ডায়ালগ’ শীর্ষক সংলাপ শেষে তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনী ইশতেহারে যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেগুলো বাস্তবায়নে ধারাবাহিকভাবে কাজ করছেন। এরই অংশ হিসেবে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও খাল খননের মতো কর্মসূচি নেওয়া হয়েছে।
বিনিয়োগ প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, দেশে বিনিয়োগের বড় বাধা সরকারি সংস্থাগুলোর ধীরগতি। বিনিয়োগকারীরা দ্রুত সমাধান চান, কিন্তু কাঙ্ক্ষিত গতি না থাকায় অনেক সময় তারা হতাশ হন। সরকার এই সমস্যাগুলো সমাধানের চেষ্টা করছে।
তিনি বলেন, আমলাতন্ত্রে গতি এনে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি করা হবে। প্রধানমন্ত্রী এ বিষয়ে অত্যন্ত গুরুত্ব দিচ্ছেন এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে দ্রুত সমস্যা সমাধানের নির্দেশ দিয়েছেন।
জ্বালানি খাত নিয়ে তিনি বলেন, দেশের অন্যতম বড় চ্যালেঞ্জ এখন জ্বালানি। সরকার নবায়নযোগ্য জ্বালানি, বিশেষ করে সৌরশক্তির দিকে এগোতে চায়। পাশাপাশি গ্যাস ও তেল উত্তোলনের কাজ শুরু হয়েছে, এবং আগামী তিন মাসের মধ্যে টেন্ডারে যাওয়ার আশা রয়েছে।