স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যের প্রায় সব ক্ষেত্রেই দৃঢ় পদচারণা রেখেছেন। তাকে সারাজীবন অধ্যয়ন করলেও পুরোপুরি আবিষ্কার করা কঠিন।
শুক্রবার নওগাঁর পতিসর কাচারিবাড়ি প্রাঙ্গণে রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, রবীন্দ্রনাথ ছিলেন অসাম্প্রদায়িক চেতনার কবি ও দার্শনিক। যারা তাকে সাম্প্রদায়িক হিসেবে দেখানোর চেষ্টা করেন, তাদের ধারণা সঠিক নয়।
তিনি আরও বলেন, পতিসরের কৃষকদের উন্নয়নে রবীন্দ্রনাথ কৃষি ব্যাংকের কার্যক্রম চালু করেছিলেন এবং আধুনিক কৃষি ব্যবস্থার ধারণা দিয়েছিলেন। কবির সেই চিন্তাকে ধারণ করেই বর্তমান সরকার কৃষি ও কৃষকদের উন্নয়নে কাজ করছে।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় নওগাঁ জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশিদ।
অনুষ্ঠানে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, জাতীয় সংসদের হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু এবং সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সকাল সাড়ে ১০টায় জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। পরে সাংস্কৃতিক পর্বে জেলা ও উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা সংগীত, নৃত্য ও কবিতা আবৃত্তি পরিবেশন করেন।
রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে পতিসর কাচারিবাড়ি ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে রবীন্দ্রপ্রেমী, সাধারণ মানুষ, অতিথি ও সরকারি কর্মকর্তারা অনুষ্ঠানে যোগ দেন।