প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, আগামী দুই থেকে তিন বছরের মধ্যে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর শিক্ষা ব্যবস্থায় এমন পরিবর্তন আনা হবে, যাতে অভিভাবকরা আগ্রহ নিয়ে তাদের সন্তানদের সরকারি বিদ্যালয়ে ভর্তি করাবেন।
বান্দরবানের রেইচা পিটিআই ট্রেনিং সেন্টারের হলরুমে প্রাথমিক শিক্ষকদের মৌলিক প্রশিক্ষণ কর্মসূচির প্রশিক্ষণার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, “বাংলাদেশের প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক যেন একজন দক্ষ আর্লি লার্নিং এক্সপার্ট হিসেবে শ্রেণিকক্ষে প্রবেশ করেন, সেই লক্ষ্য নিয়েই কাজ চলছে।” তিনি আরও বলেন, “সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মান উন্নয়ন এবং ‘প্রক্সি শিক্ষক’ সমস্যা সমাধানে নতুন প্রযুক্তিনির্ভর আইপিএসএমএস ব্যবস্থা চালু করা হবে, যার মাধ্যমে শিক্ষকগণের শ্রেণিকক্ষে উপস্থিতি মনিটর করা সম্ভব হবে।”
এ সময় তিনি পাহাড়ি অঞ্চলের শিক্ষাব্যবস্থা উন্নয়নে বিশেষ পদক্ষেপ নেওয়ার কথাও উল্লেখ করেন।