ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সক্ষমতা, জনবল ও আধুনিক সরঞ্জাম বৃদ্ধিতে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
মঙ্গলবার নারায়ণগঞ্জের পূর্বাচলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন, পাসিং আউট প্যারেড ও পদক বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ফায়ার সার্ভিসকে আরও আধুনিক, দক্ষ ও কার্যকর বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করেছে। এর মধ্যে জনবল বৃদ্ধি, আধুনিক উদ্ধার সরঞ্জাম সংযোজন, প্রশিক্ষণ ব্যবস্থা জোরদার এবং অবকাঠামো উন্নয়ন অন্যতম।
তিনি জানান, ফায়ার সার্ভিসে ১০০টি অ্যাম্বুলেন্স যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি ডুবুরি দলের সক্ষমতা বাড়ানো, ফায়ার স্টেশনের সংখ্যা বৃদ্ধি এবং সদস্য সংখ্যা ৩০ হাজারের বেশি করার বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে।
সালাহউদ্দিন আহমদ বলেন, মুন্সিগঞ্জের গজারিয়ায় একটি আধুনিক প্রশিক্ষণ একাডেমি স্থাপনের পরিকল্পনা রয়েছে। এটি বাস্তবায়িত হলে ফায়ার সার্ভিস সদস্যদের পেশাগত দক্ষতা ও উদ্ধার কার্যক্রমের সক্ষমতা আরও বাড়বে।
তিনি বলেন, ফায়ার সার্ভিসের সদস্যরা জীবনের ঝুঁকি নিয়ে মানুষের জানমাল রক্ষায় কাজ করেন। অগ্নিকাণ্ড, সড়ক দুর্ঘটনা, ভবন ধস, প্রাকৃতিক দুর্যোগসহ যেকোনো সংকটে তাদের দ্রুত সাড়া জনগণের আস্থা অর্জন করেছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, দেশে অগ্নিকাণ্ড, সড়ক দুর্ঘটনা এবং মানবসৃষ্ট ও প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি বাড়ছে। পাশাপাশি ভূমিকম্পের আশঙ্কাও রয়েছে। এ কারণে ফায়ার সার্ভিসের ভূমিকা আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
তিনি সরকারি কার্যক্রমের সঙ্গে ফায়ার সার্ভিসের সমন্বয় আরও জোরদার করার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। মন্ত্রী আশা প্রকাশ করেন, নেওয়া পরিকল্পনাগুলো বাস্তবায়ন হলে ফায়ার সার্ভিসের সামগ্রিক সক্ষমতা বহুগুণে বৃদ্ধি পাবে।
সালাহউদ্দিন আহমদ বলেন, বাহিনীর সদস্যদের সুযোগ-সুবিধা বাড়ানোর বিষয়টিও সরকারের বিবেচনায় রয়েছে। মিরপুরে কর্মকর্তা-কর্মচারীদের জন্য দুটি আবাসিক ভবন এবং সদর দপ্তর নির্মাণের কাজ চলছে বলেও তিনি জানান।
তিনি আরও বলেন, দায়িত্ব পালন করতে গিয়ে ফায়ার সার্ভিসের অনেক সদস্য জীবন উৎসর্গ করেছেন। ২০২৫ সালে দায়িত্ব পালনকালে তিনজন সদস্য শহীদ হয়েছেন এবং ২৭ জন আহত হয়েছেন। তাদের সাহসিকতা ও অবদানের স্বীকৃতিস্বরূপ পদক প্রদান করা হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে ফায়ার সার্ভিসকে আরও শক্তিশালী, আধুনিক ও জনবান্ধব বাহিনী হিসেবে গড়ে তোলাই সরকারের লক্ষ্য।