রাজধানীর পল্লবীতে শিশু রামিসা হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলায় আসামিপক্ষে কোনো আইনজীবী মামলা পরিচালনা করবেন না বলে ঘোষণা দিয়েছে ঢাকা আইনজীবী সমিতি (ঢাকা বার)।
শুক্রবার সকালে ঢাকা বার সাধারণ সম্পাদক মোহাম্মদ কালাম খান তার ফেসবুক পোস্টে এ তথ্য জানান। তিনি বলেন, কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা বারের কোনো সদস্য আইনজীবী এই মামলায় আসামিপক্ষে আইনি লড়াই করবেন না।
এ ঘটনায় আইনজীবী মহলে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে এবং বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনার জন্ম দিয়েছে।
এর আগে গত মঙ্গলবার সকালে পল্লবীর একটি বাসার খাটের নিচ থেকে শিশু রামিসার মস্তকবিহীন মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে বাথরুম থেকে তার বিচ্ছিন্ন মাথা উদ্ধার করা হয়। এ ঘটনায় পল্লবী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে প্রথমে সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তারকে আটক করা হয়। পরে মূল অভিযুক্ত সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
আইনশৃঙ্খলা বাহিনী আরও জানায়, হত্যাকাণ্ডের পর অভিযুক্ত পালানোর চেষ্টা করে এবং পরে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মামলাটি এখন তদন্তাধীন রয়েছে।