প্রতিবন্ধী শিশুদের স্বাস্থ্যসেবায় বাংলাদেশের উদ্ভাবিত বিশেষ মডেল ‘শিশু স্বর্গ’ আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত ৭৯তম বিশ্ব স্বাস্থ্য সম্মেলনের এক উচ্চপর্যায়ের সাইড ইভেন্টে মডেলটি তুলে ধরেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।
তিনি জানান, গত দুই দশকের গবেষণার ভিত্তিতে তৈরি এই মডেলের মাধ্যমে শিশুদের প্রতিবন্ধিতা শনাক্তের গড় বয়স ৫ বছর থেকে কমিয়ে মাত্র ৮ মাসে নামিয়ে আনা সম্ভব হয়েছে। ফলে অল্প বয়স থেকেই প্রয়োজনীয় সহায়তা ও চিকিৎসা নিশ্চিত করে শিশুদের জীবনমান উন্নত করা যাচ্ছে।
জেনেভার হোটেল রয়্যালে আয়োজিত ওই অনুষ্ঠানে বিশ্বের ৩০টিরও বেশি দেশের প্রতিনিধি এবং ২০টি আন্তর্জাতিক সংস্থার সদস্যরা অংশ নেন। উপস্থিত বিশেষজ্ঞ ও আন্তর্জাতিক প্রতিনিধিরা বাংলাদেশের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।
প্রতিমন্ত্রী বলেন, প্রতিবন্ধিতা শুধুমাত্র চিকিৎসাগত সমস্যা নয়, বরং সামাজিক ও পরিবেশগত প্রতিবন্ধকতার ফল। সময়মতো সঠিক সহায়তা ও উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা গেলে অনেক শিশুই স্বাভাবিক জীবনযাপনের সুযোগ পেতে পারে।
তিনি আরও জানান, ‘শিশু স্বর্গ’ মডেলটি শতাধিক বৈজ্ঞানিক গবেষণার ভিত্তিতে তৈরি হয়েছে এবং এটি সারাদেশে বাস্তবায়নের জন্য সরকার ইতোমধ্যে ছয় স্তরের প্রশাসনিক কাঠামো গড়ে তুলেছে। প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নেতৃত্বাধীন উচ্চপর্যায়ের স্টিয়ারিং কমিটি এ কার্যক্রম তদারকি করছে।
অনুষ্ঠানে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের অংশগ্রহণে একটি প্যানেল আলোচনাও অনুষ্ঠিত হয়। সেখানে প্রতিবন্ধীবান্ধব স্বাস্থ্যসেবাকে মানবাধিকারের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তুলে ধরা হয় এবং বৈশ্বিক সহযোগিতার আহ্বান জানানো হয়।