সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ ও গাঁজাসহ বিভিন্ন ধরনের চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার ভোমরা, মাদরা, হিজলদী ও ঝাঁউডাঙ্গা বিওপির আওতাধীন সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোমরা বিওপির একটি বিশেষ টহল দল সাতক্ষীরা সদর উপজেলার লক্ষ্মীদাড়ি এলাকা থেকে ভারতীয় গাঁজা উদ্ধার করে। একই দিনে মাদরা বিওপির সদস্যরা কলারোয়া উপজেলার উত্তর ভাদিয়ালী এলাকা এবং হিজলদী বিওপির সদস্যরা বড়ালি এলাকা থেকে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করেন।
এছাড়া ঝাঁউডাঙ্গা বিশেষ ক্যাম্পের একটি দল কলারোয়া উপজেলার আইচপাড়া এলাকায় অভিযান চালিয়ে আরও মোবাইল ফোনের যন্ত্রাংশ উদ্ধার করে।
জব্দকৃত মালামালের আনুমানিক বাজার মূল্য প্রায় ৫ লাখ ৬৪ হাজার ৯৫০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক কাজী আশিকুর রহমান জানান, উদ্ধার হওয়া ভারতীয় পণ্য সাতক্ষীরা কাস্টমসে জমা দেওয়া হয়েছে। অন্যদিকে জব্দ করা মাদকদ্রব্য প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে ধ্বংসের জন্য বিজিবি স্টোরে সংরক্ষণ করা হয়েছে।