চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় অভিযান চালিয়ে ১১২ ক্যান বিদেশি বিয়ারসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা, নগদ অর্থ এবং কয়েকটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
শনিবার সকালে কোস্ট গার্ডের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার বিকেলে পতেঙ্গা থানাধীন চাইনিজ ঘাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গার একটি দল। অভিযানের সময় সন্দেহজনক একটি সিএনজি অটোরিকশা থামিয়ে তল্লাশি চালানো হলে এর ভেতর থেকে বিদেশি ব্র্যান্ডের ১১২ ক্যান বিয়ার উদ্ধার করা হয়।
কোস্ট গার্ড সূত্র জানায়, উদ্ধার হওয়া বিয়ারগুলোর বাজারমূল্য প্রায় ৭৮ হাজার ৪০০ টাকা। জব্দকৃত পণ্যগুলো ‘বিআইএ সাইগন লেগার’ ব্র্যান্ডের বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।
অভিযানের সময় ঘটনাস্থল থেকে দুই ব্যক্তিকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৬ হাজার ২০ টাকা নগদ অর্থ, তিনটি মোবাইল ফোন এবং মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজি অটোরিকশাটি জব্দ করা হয়।
আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে উদ্ধারকৃত মাদকদ্রব্য ও অন্যান্য আলামত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রমও প্রক্রিয়াধীন রয়েছে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, মাদক চোরাচালান ও অবৈধ মাদক ব্যবসার বিরুদ্ধে কোস্ট গার্ডের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। দেশের যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
তিনি জানান, উপকূলীয় অঞ্চল ও বন্দরকেন্দ্রিক এলাকাগুলোতে নজরদারি বৃদ্ধি করা হয়েছে এবং মাদক প্রতিরোধে কোস্ট গার্ডের তৎপরতা অব্যাহত থাকবে।