চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে প্রায় ১ হাজার ৪০০ লিটার অবৈধ জ্বালানি তেল জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
মঙ্গলবার বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোনের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার বিকেলে পতেঙ্গার ৯ নম্বর ঘাট এলাকায় পরিচালিত অভিযানে দুটি ইঞ্জিনচালিত কাঠের বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে বাজারজাতের উদ্দেশ্যে বহন করা বিপুল পরিমাণ জ্বালানি তেল উদ্ধার করা হয়। জব্দকৃত তেলের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৬১ হাজার টাকা।
কোস্ট গার্ড জানায়, অভিযানের সময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট চোরাকারবারিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ফলে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত বলেন, জব্দ হওয়া জ্বালানি তেল ও ব্যবহৃত বোটগুলোর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
তিনি আরও জানান, উপকূলীয় এলাকায় চোরাচালান, অবৈধ বাণিজ্য ও জ্বালানি পাচার রোধে বাংলাদেশ কোস্ট গার্ডের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।