প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন বলেছেন, জাতীয় বিশ্ববিদ্যালয়কে কেবল ডিগ্রি প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে নয়, বরং জ্ঞান-বিজ্ঞান, দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ ও সুনাগরিক তৈরির অন্যতম কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে। এ জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে প্রধানমন্ত্রীর একটি টেকসই, বাস্তবসম্মত ও যুগান্তকারী কর্মপরিকল্পনা রয়েছে।
রবিবার (৭ জুন) সকালে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কারিকুলামে দক্ষতাভিত্তিক শিক্ষা বিষয়ক শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মাহদী আমিন বলেন, গত সাড়ে তিন মাসে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে পরিবর্তনের সূচনা হয়েছে, তার ভিত্তি প্রধানমন্ত্রীর সুদূরপ্রসারী ভিশন ও বিএনপির নির্বাচনী ইশতেহার। উচ্চশিক্ষাকে শুধু সনদনির্ভর না করে কর্মমুখী, দক্ষতাভিত্তিক ও জীবনঘনিষ্ঠ করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে।
তিনি জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ে কর্মমুখী ও কারিগরি শিক্ষার সম্প্রসারণ, ক্যারিয়ার সেন্টার ও জব প্লেসমেন্ট কার্যক্রম চালু, ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সহযোগিতা বৃদ্ধি, ইন্টার্নশিপ ও অ্যাপ্রেন্টিসশিপের সুযোগ সম্প্রসারণ, ল্যাঙ্গুয়েজ সেন্টার প্রতিষ্ঠা, ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ এবং ‘ওয়ান স্টুডেন্ট ওয়ান ট্রি’ কর্মসূচিসহ নানা উদ্যোগ নেওয়া হয়েছে।
মাহদী আমিন বলেন, দেশের ৩০ লাখের বেশি শিক্ষার্থী জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ২,২৮৫টি কলেজে অধ্যয়ন করছে। তাই জাতীয় বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন মানে শুধু একটি প্রতিষ্ঠানের উন্নয়ন নয়; বরং দেশের শিক্ষা, কর্মসংস্থান, মানবসম্পদ উন্নয়ন এবং লাখো পরিবারের ভবিষ্যতের উন্নয়ন।
তিনি বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় রাজধানীকেন্দ্রিক নয়; এটি দেশের তৃণমূল পর্যায় পর্যন্ত বিস্তৃত একটি উচ্চশিক্ষা নেটওয়ার্ক। ফলে এ বিশ্ববিদ্যালয়কে শক্তিশালী করা মানে স্থানীয় সম্ভাবনার বিকাশ ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নকে এগিয়ে নেওয়া।
উপদেষ্টা আরও বলেন, সেশনজট নিরসন, পরীক্ষা ও ফলাফল ব্যবস্থার ডিজিটাইজেশন এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সরকার যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে। এসব উদ্যোগের ইতিবাচক ফল শিগগিরই দৃশ্যমান হবে।
তিনি বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শুধু ডিগ্রিধারী নয়, বরং কর্মদক্ষ, প্রযুক্তিবান্ধব, সৃজনশীল ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলাই সরকারের লক্ষ্য।
অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এএসএম আমানুল্লাহসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।