পঞ্চগড় সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ পুশইন করা ১০ জনকে প্রায় ৭০ ঘণ্টা পর ফেরত নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। রবিবার গভীর রাত ২টার পর তাদের ফিরিয়ে নেওয়া হয়।
গত শুক্রবার ভোর ৪টার দিকে পঞ্চগড় সীমান্ত দিয়ে ওই ১০ জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে বিএসএফ। তবে বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবির সতর্ক অবস্থানের কারণে তারা সীমান্তের নোম্যান্সল্যান্ডে আটকা পড়েন। এরপর টানা তিন দিন তারা রোদ, বৃষ্টি ও ঝড়ের মধ্যে মানবেতর অবস্থায় সেখানে অবস্থান করেন।
ফেরত নেওয়া ব্যক্তিদের মধ্যে পাঁচজন পুরুষ, দুজন নারী এবং তিনজন শিশু রয়েছে। তারা দুটি পরিবারের সদস্য বলে জানা গেছে।
রবিবার দুপুরেও বিএসএফ তাদের আবারও বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে। এ সময় বিজিবি কঠোর অবস্থান নেয় এবং কড়া জবাব দেয়। গত তিন দিন ধরে বিজিবি ওই ১০ জনকে ফেরত নিতে বিএসএফের ওপর চাপ প্রয়োগ করে আসছিল।
নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সিরাজুল ইসলাম জানান, পুশইন করা ১০ জনকে ফেরত নেওয়া হয়েছে। সীমান্তে এ ধরনের পুশইন ঠেকাতে বিজিবি সতর্ক ও তৎপর রয়েছে।