সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আইনি ও কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বৃহস্পতিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সমসাময়িক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে প্রচলিত মামলাগুলোর বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি করতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সংশ্লিষ্ট দেশের কাছে আনুষ্ঠানিক অনুরোধও জানানো হয়েছে।
তিনি বলেন, বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় আইনি প্রক্রিয়া অনুসরণ করেই সরকার বিষয়টি এগিয়ে নিতে চায়।
ভারতের পশ্চিমবঙ্গে নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) কার্যকর এবং এ সংক্রান্ত রাজনৈতিক বক্তব্য নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটি ভারতের অভ্যন্তরীণ বিষয়। ভারতের নিজস্ব আইন ও নীতিমালার বিষয়ে বাংলাদেশের মন্তব্য করার সুযোগ নেই।
তবে সীমান্ত পরিস্থিতি নিয়ে তিনি বলেন, যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বা জোরপূর্বক প্রবেশ ঠেকাতে সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সতর্ক অবস্থানে রয়েছে।
সালাহউদ্দিন আহমদ বলেন, সরকার আইনানুগ ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থার মাধ্যমে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং ন্যায়বিচার নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে।