নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান বলেছেন, ‘যে মানুষগুলো ঈদ উপলক্ষে বাড়িতে এসেছে, আনন্দঘন পরিবেশে সুস্থভাবে তারা সবাই যেনো নিরপদে ঢাকায় ফিরতে পারে সেই বিষয়টি আমরা নিশ্চিত করতে কাজ করছি। এই কারনে আমরা সব যায়গায় যাচ্ছি। এর সাথে সংশ্লিষ্ট প্রতিটি ডিপার্টমেন্ট এ বিষয়ে সজাগ আছেন।’
মঙ্গলবার (২৪মার্চ) সন্ধ্যায় ভোলার ইলিশাঘাট পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘আমরা প্রতিটি লঞ্চঘাটেই যাওয়ার চেষ্টা করছি। জাহাজ কর্তৃপক্ষকে সব বিষয়ে সতর্ক করার চেষ্টা করছি। বিআইডব্লিউটিএ, জেলা প্রশাসন ও পুলিশসহ সংশ্লিষ্ট সবাই মিলে আমরা এ কাজগুলো করছি।’
প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা ঘাটে ঘাটে গিয়ে লঞ্চগুলো সঠিক সময়ে ছেড়ে যাচ্ছে কি না এবং যাত্রীদের কাছ থেকে ভাড়া বেশী নিচ্ছে কি না চেক করে দেখছি। তবে সব কিছু এখন পর্যন্ত ঠিক আছে।’
তিনি আরো বলেন, ‘আমরা রোজার সময়ই সরকারের দায়িত্ব নিয়েছি। আমাদের নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রধান লক্ষই ছিলো ঈদে লক্ষ লক্ষ মানুষকে নিরাপদে বাড়িতে নিয়ে আসা আবার নিরাপদে ঢাকায় নিয়ে যাওয়া। সেই কাজটির দিকেই আমরা সর্বোচ্চ মনোযোগ দিয়েছি।
আমরা আশা করছি মানুষ নিরাপদে ও সুস্থভাবে যে যার কর্মস্থলে যোগ দিতে পারবেন।’
রাজিব আহসান বলেন, ‘এক সময় বরিশালের লঞ্চঘাটটি সব চেয়ে ব্যস্ততম লঞ্চঘাট ছিলো। এখন সবচেয়ে ব্যস্ততম লঞ্চঘাট হলো ভোলার ইলিশা লঞ্চঘাট। এখান থেকে সবচেয়ে বেশী লঞ্চ চলাচল করে। এখানকার যে টার্মিনালটি আছে এটির আধুনিকায়ন করা এখন সময়ের দাবি।
নিশ্চয়ই আমরা এই বিষয়টি মাথায় রেখে ভবিষ্যত কর্মপরিকল্পনা ঠিক করবো এবং এই পথে যাতায়তকারীদের আরো স্বস্তি দিতে আমরা কাজ করবো।’