রাজধানীর উত্তরায় সৌর বিদ্যুৎ চালিত ট্রাফিক সিগন্যাল লাইটের উদ্বোধন করেছেন ঢাকা মেট্রপলিটন পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। আজ উত্তরার এয়ারপোর্ট গোলচত্বরে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম শুরু হয়।
বৈদ্যুতিক ও ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়নের অংশ হিসেবে এই সৌর বিদ্যুৎ চালিত সিগন্যাল লাইটের উদ্বোধন করা হয়। ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার জানান, এআই প্রযুক্তি ব্যবহার করে গত এক সপ্তাহে তিনশোর বেশি ট্রাফিক আইন অমান্যকারীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। পুরোপুরি চালু হলে প্রতিদিন এক হাজারেরও বেশি মামলা হবে, যা ঢাকা শহরে ট্রাফিক শৃঙ্খলা ফিরিয়ে আনবে।
এই উদ্যোগের মাধ্যমে ঢাকা শহরকে আরও আধুনিক এবং পরিবেশবান্ধব করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।