ঋণের ওপর নির্ভরতা কমিয়ে সরকারের অর্থায়নের বিকল্প উৎস খোঁজা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
রবিবার (২১ জুন) রাজধানীর গুলশানে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত বাজেটবিষয়ক এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন ধরনের অর্থনৈতিক সহায়তা কমে যাওয়ার প্রেক্ষাপটে সরকারকে একটি চ্যালেঞ্জিং বাজেট প্রণয়ন করতে হয়েছে।
তিনি বলেন, “বাজেট একেবারে নিখুঁত হয়েছে, এমন দাবি করছি না। যেদিকে হাত দিই, সেখানেই বকেয়া ও নানা ধরনের চাপ রয়েছে। এমন পরিস্থিতিতে মাত্র দেড় মাসের মধ্যে বাজেট প্রস্তুত করতে হয়েছে।”
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, একটি পূর্ণাঙ্গ বাজেট প্রস্তুতের জন্য সাধারণত অন্তত ছয় মাস সময় প্রয়োজন হয়। তবে সীমিত সময়ের মধ্যেই সরকার বাজেট প্রণয়নের কাজ সম্পন্ন করেছে।
ফ্যামিলি কার্ড কর্মসূচির বিষয়ে তিনি বলেন, এ কার্ড সঠিকভাবে বিতরণ নিশ্চিত করা হবে।
অর্থমন্ত্রী বলেন, “শ্রমিকদের বেতন সরকার দেয় না। তবে ফ্যামিলি কার্ডের মাধ্যমে নিম্নআয়ের মানুষ কিছুটা স্বস্তি পাবেন।”