কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে বাংলাদেশ সেনাবাহিনীর নারী সদস্যের ছবি তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যবহার ও নারীকণ্ঠে কথা বলে এক ইতালি প্রবাসী তরুণের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে প্রায় ৭ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় তোফায়েল আলম টিটু নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
পিবিআই জানায়, গত ২০ সেপ্টেম্বর রাজধানীর দারুস সালাম এলাকা থেকে টিটুকে গ্রেপ্তার করা হয়। এ সময় প্রতারণায় ব্যবহৃত বিকাশ ও নগদ অ্যাকাউন্টের সিমসহ তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
রবিবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর উত্তরায় পিবিআই ঢাকা জেলা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পিবিআই ঢাকা জেলার এসপি এমএন মোর্শেদ।
পিবিআইয়ের তথ্যমতে, কেরানীগঞ্জের শাহনাজ বেগমের ইতালি প্রবাসী ছেলে শাহাদাত খানের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ‘লেডি সোলজার/নারী যোদ্ধা’ নামের একটি পেজের মাধ্যমে টিটুর পরিচয় হয়। ওই পেজে বাংলাদেশ সেনাবাহিনীর নারী সদস্যের পোশাক পরা ছবি ও ভিডিও ব্যবহার করা হতো।
পরে নিজেকে নারী সেনাসদস্য পরিচয় দিয়ে এবং নারীকণ্ঠে ফোনে কথা বলে শাহাদাতের সঙ্গে টিটু প্রেমের সম্পর্ক গড়ে তোলেন বলে জানিয়েছে পিবিআই। একপর্যায়ে বিভিন্ন কৌশলে শাহাদাত ও তার পরিবারের কাছ থেকে প্রায় ৭ লাখ টাকা নেওয়া হয় বলে সংস্থাটির দাবি।
ঘটনার তদন্তে টিটুকে গ্রেপ্তারের পর তার কাছ থেকে তিনটি মোবাইল ফোন এবং প্রতারণায় ব্যবহৃত বিকাশ ও নগদ অ্যাকাউন্টের সিম উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পিবিআই। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।