হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে এমআরটি লাইন-৬-এর নিরাপত্তা আরও জোরদারে কার্যক্রম শুরু করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। এ লক্ষ্যে নয় সদস্যের বাস্তবায়ন ও তদারকি কমিটি গঠন করেছে।
বুধবার (১৫ জুলাই) ডিএমটিসিএল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গত বছরের ২৬ অক্টোবর এমআরটি লাইন-৬-এ সংঘটিত দুর্ঘটনার পর হাইকোর্টের নির্দেশে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সাবেক উপাচার্য ড. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একটি উচ্চক্ষমতাসম্পন্ন সেফটি অডিট কমিটি গঠন করা হয়।
তদন্ত ও পরিদর্শন শেষে কমিটি ‘Identification of Operational Risks, Safety Audit and Structural Integrity of the Constructed Corridor of MRT Line-6’ শীর্ষক প্রতিবেদন জমা দেয়। পরে হাইকোর্ট ওই প্রতিবেদনে উল্লেখিত ৮টি স্বল্পমেয়াদি, ১০টি মধ্যমেয়াদি এবং ১০টি দীর্ঘমেয়াদি সুপারিশ বাস্তবায়নের নির্দেশ দেন। পাশাপাশি চলমান ও ভবিষ্যৎ এমআরটি প্রকল্পে ৬টি কৌশলগত সুপারিশ অনুসরণের নির্দেশও দেওয়া হয়।
ডিএমটিসিএল জানায়, আদালতের নির্দেশনা বাস্তবায়নে গঠিত ৯ সদস্যের কমিটি সুপারিশগুলোর বাস্তবায়ন, সমন্বয় ও অগ্রগতি নিয়মিত তদারকি করবে। একই সঙ্গে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবং ডিএমটিসিএলের প্যানেল আইনজীবীর মাধ্যমে বাস্তবায়নের অগ্রগতি নিয়মিত হাইকোর্টে উপস্থাপন করা হবে।
সংস্থাটি জানায়, আদালতের নির্দেশনা ও বিশেষজ্ঞদের সুপারিশ যথাযথভাবে বাস্তবায়িত হলে এমআরটি লাইন-৬-এর পরিচালনা ব্যবস্থা আরও নিরাপদ, শক্তিশালী ও আন্তর্জাতিক মানসম্পন্ন হবে।
ডিএমটিসিএল আরও জানায়, যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে তারা পরিচালনাগত সব কার্যক্রম পরিচালনা করছে এবং ভবিষ্যতেও একই অঙ্গীকার নিয়ে দায়িত্ব পালন করবে।