ভারতের রাজধানী দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) চলমান আন্দোলনে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন পাঞ্জাবের কৃষকরা। মঙ্গলবার (২১ জুলাই) ‘দেশ বাঁচাও মোর্চা’ কর্মসূচিতে অংশ নিতে পাঞ্জাবের বিভিন্ন জেলা থেকে হাজার হাজার কৃষক ট্র্যাক্টর নিয়ে দিল্লির উদ্দেশে রওনা হওয়ার প্রস্তুতি নিয়েছেন।
জানা গেছে, মেডিকেল ভর্তি পরীক্ষা নিটের প্রশ্নপত্র ফাঁস ও অনিয়মের প্রতিবাদে সিজেপির আন্দোলনে সংহতি জানাতেই কৃষকরা এই কর্মসূচিতে যোগ দিচ্ছেন। ট্র্যাক্টরে জাতীয় পতাকা ও কৃষকদের দাবিসংবলিত ব্যানার লাগিয়ে যাত্রার প্রস্তুতি চলছে। কৃষকদের দাবি, তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন।
কৃষকদের অভিযোগ, যুক্তরাষ্ট্রের সঙ্গে মোদি সরকারের করা কথিত গোপন বাণিজ্য চুক্তি ভারতীয় কৃষকদের স্বার্থের জন্য ক্ষতিকর হবে। তাদের আশঙ্কা, এই চুক্তির ফলে কম দামে আমেরিকান কৃষিপণ্য ভারতীয় বাজারে প্রবেশ করলে দেশীয় কৃষকরা বড় ধরনের ক্ষতির মুখে পড়বেন।
এর আগে সোমবার নিট পরীক্ষায় অনিয়মের প্রতিবাদ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে দিল্লিতে ‘সংসদ চলো’ কর্মসূচি পালন করে ককরোচ জনতা পার্টি। সংসদের বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিন আয়োজিত ওই কর্মসূচিতে প্রায় ২০ হাজার সমর্থক অংশ নেন বলে দাবি করা হয়।
পুলিশের অনুমতি না থাকায় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে দিল্লি পুলিশ ও র্যাপিড অ্যাকশন ফোর্স (আরএএফ) টিয়ার গ্যাস নিক্ষেপ ও লাঠিচার্জ করে। এ সময় কয়েকটি এলাকায় বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটে।
বিশ্লেষকদের মতে, সিজেপির চলমান আন্দোলনের মধ্যেই পাঞ্জাবের কৃষকদের যোগদানের ঘোষণা মোদি সরকারের ওপর রাজনৈতিক চাপ আরও বাড়াতে পারে।
সূত্র: এনডিটিভি