চট্টগ্রামের কর্ণফুলী নদীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাচালানি পণ্য জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় দেড় টন খনিজ কয়লা, ৩০০ কেজি গম, ৩০ কেজি স্ক্র্যাপ এবং একটি কাঠের বোট উদ্ধার করা হয়।
কোস্ট গার্ড সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে শনিবার রাতে পতেঙ্গা থানার ১৫ নম্বর ঘাট সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের এক পর্যায়ে সন্দেহভাজন একটি কাঠের বোটে তল্লাশি চালিয়ে এসব মালামাল জব্দ করা হয়।
জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৭৫ হাজার টাকা বলে জানিয়েছে কোস্ট গার্ড। তবে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা দ্রুত পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার বিএন সুমন আল মুকিত স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জব্দ করা মালামাল ও বোটের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
উপকূলীয় অঞ্চলে চোরাচালান ও অবৈধ বাণিজ্য রোধে কোস্ট গার্ডের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।