বাংলা কিউআর কোডে লেনদেনের জন্য কোনো চার্জ বা বাড়তি ফি দিতে হবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ক্যাশলেস বাংলাদেশ গড়ে তুলতে এ ব্যবস্থাকে আরও বিস্তৃত করার উদ্যোগ নিয়েছে সরকার।
বৃহস্পতিবার (১ নভেম্বর) রাজধানীর বনানী কাঁচাবাজারে বাংলা কিউআর কোড ব্যবহার করে পণ্য কেনাকাটার উদ্বোধন ও কিউআরভিত্তিক লেনদেন পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, সরকারের উদ্যোগের আওতায় কিউআর কোডের মাধ্যমে লেনদেন সম্পূর্ণ বিনামূল্যে করা হবে। এ জন্য কাউকে বাড়তি কোনো চার্জ বা ফি দিতে হবে না।
তিনি বলেন, ফুচকা বিক্রেতা, রিকশাচালক, ক্ষুদ্র ব্যবসায়ীসহ সমাজের বিভিন্ন শ্রেণির মানুষকে কিউআর কোডভিত্তিক ডিজিটাল আর্থিক সেবার আওতায় আনা হবে। এতে ছোট ব্যবসায়ীরাও যেকোনো ব্যাংক বা সেবা প্রদানকারীর হিসাবে সহজে কিউআর কোডের মাধ্যমে টাকা নিতে পারবেন।
কিউআরভিত্তিক লেনদেন বাড়লে নগদ টাকা বহনের প্রয়োজন কমবে এবং কেনাকাটা ও অর্থ লেনদেন আরও সহজ ও দ্রুত হবে বলে জানান অর্থমন্ত্রী।
তিনি বলেন, প্রাথমিক পর্যায়ে কিউআরভিত্তিক লেনদেনে কিছু কারিগরি সমস্যা বা সাময়িক জটিলতা দেখা দিতে পারে। তবে এসব সমস্যা দ্রুত সমাধান করা সম্ভব।
বিশ্বের বিভিন্ন উন্নত ও দ্রুত বর্ধনশীল অর্থনীতিতে ক্যাশলেস লেনদেন সহজ ও নিরাপদ ব্যবস্থা হিসেবে চালু রয়েছে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকও আন্তর্জাতিক এ ব্যবস্থাকে দেশে আরও বিস্তৃত করার লক্ষ্যে কাজ করছে।
অর্থমন্ত্রী সাধারণ নাগরিক, ব্যবসায়ী ও সেবা প্রদানকারীদের ক্যাশলেস ও নিরাপদ অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে সরকারি উদ্যোগে অংশ নেওয়ার আহ্বান জানান।