মধ্যপ্রাচ্যের অস্থির ও পরিবর্তনশীল আঞ্চলিক পরিস্থিতির প্রেক্ষাপটে কুয়েতের প্রতি সংহতি প্রকাশ করেছে বাংলাদেশ। প্রয়োজনে দেশটিকে যেকোনো ধরনের মানবিক সহায়তা দিতে ঢাকা প্রস্তুত বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
বৃহস্পতিবার (০২ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ঢাকায় নিযুক্ত কুয়েতের রাষ্ট্রদূত আলী থানায়ুন আব্দুল ওয়াহাব হামাদাহর সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে প্রতিমন্ত্রী এই প্রস্তুতির কথা জানান।
বৈঠকে দ্বিপক্ষীয় নানা বিষয়ের পাশাপাশি কুয়েতে অবস্থানরত প্রায় তিন লাখ বাংলাদেশি প্রবাসীর প্রসঙ্গটি গুরুত্ব পায়। সেখানে প্রবাসীদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার জন্য কুয়েত সরকারকে ধন্যবাদ জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। জবাবে রাষ্ট্রদূত যুদ্ধের প্রাথমিক পর্যায় থেকেই বাংলাদেশের সংহতি প্রকাশ এবং দুই দেশের উচ্চপর্যায়ের কূটনৈতিক যোগাযোগ বৃদ্ধির উদ্যোগের প্রশংসা করেন।
প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম যেকোনো সংঘাত নিরসনে কূটনৈতিক তৎপরতা ও শান্তিপূর্ণ সমাধানের ওপর বাংলাদেশের অবস্থান পুনর্ব্যক্ত করেন।
এছাড়া বৈঠকে জ্বালানি, অবকাঠামো উন্নয়ন, তথ্যপ্রযুক্তি এবং হালাল খাদ্য খাতে দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চল ও হাইটেক পার্কগুলোতে বিনিয়োগের সুযোগ নিতে কুয়েতি বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানান প্রতিমন্ত্রী।
কুয়েতের রাষ্ট্রদূত জাতিসংঘ ও ওআইসিসহ বিভিন্ন আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের সমর্থনের প্রশংসা করেন। একই সঙ্গে রোহিঙ্গা সংকটে কুয়েতের অব্যাহত মানবিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রতিমন্ত্রী। উভয় পক্ষই দুই দেশের উচ্চপর্যায়ের সফর বিনিময় এবং দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার ওপর গুরুত্বারোপ করেন।