প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রাথমিক শিক্ষা, প্রবাসী কল্যাণ, বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম বিষয়ক উপদেষ্টা মাহ্দী আমিন বলেছেন, দেশের কৃষি খাতের উন্নয়নে ‘কৃষক কার্ড’ একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে পরিগণিত হবে।
একটি প্রেস ব্রিফিংয়ে এ কর্মসূচির বিস্তারিত তুলে ধরে উপদেষ্টা মাহ্দী আমিন বলেন, “প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবে, আজ টাঙ্গাইল থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান এই উদ্যোগের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।” তিনি জানান, প্রথম পর্যায়ে ১০ জেলার ১১টি উপজেলায় মোট ২০ হাজার কৃষকের মধ্যে কৃষক কার্ড বিতরণ করা হবে। পরবর্তীতে দেশের সকল কৃষককে পর্যায়ক্রমে এই কার্ড প্রদান করা হবে।
উপদেষ্টা আরো জানান, এই প্রকল্পের আওতায় শুধু কৃষকই নয়, মৎস্যজীবী ও খামারিরাও অন্তর্ভুক্ত থাকবেন। কৃষক কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে সার, বীজ, সেচ সুবিধা এবং কৃষি যন্ত্রপাতি পাবেন। এর সাথে কৃষকদের জন্য প্রশিক্ষণ সুবিধাও দেওয়া হবে।
তিনি বলেন, “কৃষি ভর্তুকি প্রদানে স্বচ্ছতা নিশ্চিত করা এবং কৃষিপণ্যের ন্যায্যমূল্য পাওয়ার ক্ষেত্রে কৃষক কার্ড একটি কার্যকর মাধ্যম হিসেবে কাজ করবে।”
মাহ্দী আমিন আশা প্রকাশ করে বলেন, “সরকারের এই উদ্যোগ কৃষি খাতের আধুনিকায়ন, উৎপাদন বৃদ্ধিতে এবং কৃষকের আর্থ-সামাজিক উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।