চলনবিলের হারানো ঐতিহ্য ও দেশীয় প্রজাতির মাছ ফিরিয়ে আনতে এ অঞ্চলে আধুনিক মৎস্য সংরক্ষণাগার কেন্দ্র প্রতিষ্ঠা করা হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
শনিবার নাটোরের গুরুদাসপুর উপজেলার বৃ-পাথুরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত মৎস্য চাষি সম্মেলনে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, চলনবিলসহ দেশের মুক্ত জলাশয়গুলোতে উৎপাদিত মাছ দিয়ে দেশের চাহিদা পূরণের পাশাপাশি বিদেশে রপ্তানির লক্ষ্য রয়েছে। এ জন্য সরকার পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন শুরু করেছে।
তিনি জানান, দেশীয় মাছের বংশবৃদ্ধি, সংরক্ষণ, নিরাপদ উৎপাদন এবং উন্নত বাজারজাতকরণে বিশেষ উদ্যোগ নেওয়া হবে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশীয় খামারিদের স্বার্থ রক্ষায় ভারত থেকে অবৈধভাবে পশু প্রবেশ ঠেকাতে সীমান্ত এলাকায় কঠোর নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে।
সম্মেলনে জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, চলনবিল ও হালতি বিলসহ মুক্ত জলাশয়গুলোতে আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করে মৎস্য চাষে নতুন সম্ভাবনা তৈরি করা হবে।