সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, দেশের প্রতিটি মানুষের কাছে মানসম্মত ও আধুনিক চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া বর্তমান সরকারের অন্যতম প্রধান অঙ্গীকার।
রাজধানী ঢাকায় সোমবার আন্তর্জাতিক হার্ট ফেলিওর বিষয়ক উন্নত চিকিৎসা সম্মেলন ও বৈজ্ঞানিক অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, সরকার শুধু চিকিৎসাসেবা সম্প্রসারণেই নয়, মানুষের সামগ্রিক জীবনমান উন্নয়নের লক্ষ্যেও কাজ করছে। এ জন্য স্বাস্থ্য সচেতনতা বাড়াতে দেশজুড়ে নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. শফিউদ্দিনের সভাপতিত্বে আয়োজিত এ সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এছাড়া অনুষ্ঠানে গাজীপুর-৩ আসনের সংসদ সদস্যসহ দেশি-বিদেশি খ্যাতিমান চিকিৎসকরা অংশ নেন।
অধ্যাপক ডা. জাহিদ হোসেন বলেন, হৃদরোগ নির্ণয় ও চিকিৎসায় আধুনিক প্রযুক্তির ব্যবহার এখন সময়ের দাবি। বিশেষ করে উন্নত ইমেজিং প্রযুক্তির মাধ্যমে দ্রুত এবং নির্ভুল রোগ শনাক্তকরণের ওপর তিনি গুরুত্বারোপ করেন।
তিনি আরও বলেন, হৃদরোগ প্রতিরোধে সচেতনতা বাড়ানোর পাশাপাশি রোগীদের জন্য উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে দরিদ্র ও পিছিয়ে থাকা মানুষ যাতে তুলনামূলক কম খরচে মানসম্মত হার্টের চিকিৎসা পায়, সে লক্ষ্য সামনে রেখে দক্ষ চিকিৎসক তৈরির ওপরও জোর দেন তিনি।
অভিজ্ঞ চিকিৎসকদের উদ্দেশে মন্ত্রী বলেন, এমন জনবল গড়ে তুলতে হবে যারা মানবিক মনোভাব নিয়ে সেবা দেবে। এতে যেমন রোগীরা আস্থা পাবে, তেমনি চিকিৎসকরাও পেশাগতভাবে গর্ববোধ করবেন।
তিনি জানান, দেশে আরও বেশি হৃদরোগ বিশেষজ্ঞ ও দক্ষ স্বাস্থ্যকর্মী তৈরি করতে সরকার বিদেশে উচ্চতর প্রশিক্ষণ ও গবেষণার সুযোগ সম্প্রসারণে গুরুত্ব দিচ্ছে।
এ ধরনের আন্তর্জাতিক সম্মেলন থেকে অর্জিত অভিজ্ঞতা ও জ্ঞান ভবিষ্যতে দেশের স্বাস্থ্যখাতের নীতিনির্ধারণে ইতিবাচক ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, চিকিৎসা পেশা অত্যন্ত সম্মানজনক এবং মানবকল্যাণের সঙ্গে সরাসরি সম্পর্কিত। তিনি বলেন, দেশের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা একটি কঠিন দায়িত্ব, যা চিকিৎসকদের সক্রিয় সহযোগিতা ছাড়া সফল করা সম্ভব নয়।
তিনি আরও বলেন, সরকার এমন একটি স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে চায়, যেখানে কম খরচে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষও উন্নত হৃদরোগ চিকিৎসার সুযোগ পাবে। এজন্য চিকিৎসকদের আরও সেবামুখী ও আন্তরিক ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
দিনব্যাপী বৈজ্ঞানিক অধিবেশন, প্যানেল আলোচনা এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের বক্তব্যে দেশে হৃদরোগ চিকিৎসায় গুণগত পরিবর্তন আনা এবং সাধারণ মানুষের জন্য আধুনিক স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেওয়া হয়।