ঢাকা মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার বলেছেন, পুলিশি সেবাকে আরও জনবান্ধব ও গণমুখী করতে ডিএমপি প্রতিশ্রুতিবদ্ধ।
বৃহস্পতিবার মোহাম্মদপুর থানায় আয়োজিত ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এর আগে বসিলায় ডিএমপির একটি নতুন পুলিশ ক্যাম্প উদ্বোধন করেন তিনি।
ডিএমপি কমিশনার বলেন, অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি নাগরিকদের সহযোগিতাও গুরুত্বপূর্ণ। তাই মাদক, জুয়া, কিশোর গ্যাং, ইভটিজিং, জঙ্গিবাদ ও নারীর প্রতি সহিংসতা রোধে যেকোনো তথ্য পুলিশকে জানানোর আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে স্থানীয় বাসিন্দাদের বিভিন্ন সমস্যা শোনেন ডিএমপি কমিশনার এবং সেগুলোর বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
তিনি আশা প্রকাশ করেন, বসিলায় নতুন পুলিশ ক্যাম্প চালু হওয়ায় এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে এবং সাধারণ মানুষ দ্রুত পুলিশি সেবা পাবে।
অনুষ্ঠানে ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা, র্যাব প্রতিনিধি, স্থানীয় ব্যবসায়ী নেতা, সুশীল সমাজ, শিক্ষাপ্রতিষ্ঠান ও রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।