জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালনের অঙ্গীকার করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এ দায়িত্ব পালনের সুযোগ দেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান ও বাংলাদেশ সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।
বাংলাদেশ সময় মঙ্গলবার দিবাগত রাতে সাধারণ পরিষদের অধিবেশনের সূচনা বক্তব্যে তিনি এ কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁকে সমর্থন করার জন্য জাতিসংঘের সদস্যদেশগুলোর প্রতিনিধিদের প্রতিও কৃতজ্ঞতা জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী।
সভাপতির বক্তব্যে ড. খলিলুর রহমান বলেন, মর্যাদাপূর্ণ এ পদে তাঁকে মনোনয়ন দেওয়ায় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ সরকারের প্রতি তিনি আন্তরিকভাবে কৃতজ্ঞ। দায়িত্ব পালনে তিনি সবার সহযোগিতা কামনা করেন।
জাতিসংঘের বর্তমান ভূমিকা তুলে ধরে তিনি বলেন, আট দশকের বেশি সময় ধরে এই সংস্থা তৃতীয় বিশ্বযুদ্ধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। একই সঙ্গে বিশ্বের কোটি কোটি মানুষের কণ্ঠস্বর তুলে ধরছে জাতিসংঘ।
তিনি বলেন, জলবায়ু পরিবর্তন ও কৃত্রিম বুদ্ধিমত্তার মতো নতুন চ্যালেঞ্জ মোকাবিলায়ও জাতিসংঘ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এসব বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।