মহান স্বাধীনতা ও জাতীয় দিবসসহ রাষ্ট্র নির্ধারিত গুরুত্বপূর্ণ দিবসগুলোতে জাতীয় পতাকা উত্তোলনের ক্ষেত্রে ‘জাতীয় পতাকা বিধিমালা’ যথাযথভাবে অনুসরণ করার নির্দেশনা দেওয়া হয়েছে।
এ নির্দেশনায় স্পষ্টভাবে বলা হয়েছে, মহান স্বাধীনতা ও জাতীয় দিবসসহ সরকার ঘোষিত বিশেষ দিবসগুলোতে জাতীয় পতাকা উত্তোলন বাধ্যতামূলক। ১৯৭২ সালে প্রণীত এবং ২০১০ সালে সংশোধিত জাতীয় পতাকা বিধিমালা অনুযায়ী, জাতীয় পতাকার সঠিক ব্যবহার নিশ্চিত করা প্রতিটি নাগরিকের দায়িত্ব।
বাংলাদেশের সংবিধানের ৪(১) অনুচ্ছেদে জাতীয় পতাকার বর্ণনা দেওয়া হয়েছে এভাবে: সবুজ জমিনের ওপর রক্তিম লাল বৃত্ত। পতাকা বিধিমালাতেও বলা হয়েছে, পতাকার মূল রং হবে গাঢ় সবুজ এবং এর মধ্যে থাকবে একটি লাল বৃত্ত। জাতীয় পতাকার অনুপাত নির্ধারিত হয়েছে দৈর্ঘ্য ১০ ও প্রস্থ ৬, অর্থাৎ ১০:৬। লাল বৃত্তটির ব্যাসার্ধ হবে পতাকার দৈর্ঘ্যের এক-পঞ্চমাংশ। ভবনের আকার ও ব্যবহারের ধরন অনুযায়ী পতাকার তিনটি অনুমোদিত মাপ রয়েছে: ১০:৬, ৫:৩ এবং ২.৫:১.৫।
বিধিমালায় আরও বলা হয়েছে, জাতীয় পতাকা কোনোভাবেই মোটরযান, রেলগাড়ি বা নৌযানের গায়ে, সামনে বা পেছনে ঢেকে ব্যবহার করা যাবে না। জাতীয় পতাকার ওপরে অন্য কোনো পতাকা বা রঙিন কাপড় উত্তোলন সম্পূর্ণ নিষিদ্ধ। দেয়ালে প্রদর্শনের ক্ষেত্রে পতাকাটি দেয়ালের সমান্তরালে সঠিকভাবে স্থাপন করতে হবে। কোনো পাবলিক অডিটোরিয়াম বা সভাস্থলে পতাকা প্রদর্শন করলে তা বক্তার পেছনে উঁচু স্থানে রাখতে হবে। আবার রাস্তার মাঝখানে প্রদর্শনের সময় পতাকাটি খাড়াভাবে টানাতে হবে।
জাতীয় পতাকার মর্যাদা রক্ষার বিষয়েও রয়েছে সুস্পষ্ট নির্দেশনা। কবরস্থানে পতাকা কখনো নিচু করা যাবে না, মাটিও স্পর্শ করতে দেওয়া যাবে না। পতাকাকে কখনো আনুভূমিকভাবে বা সমতলভাবে বহন করা যাবে না; এটি সবসময় উঁচুতে, মুক্ত ও সম্মানজনকভাবে রাখতে হবে। পতাকা দ্রুত উত্তোলন করতে হবে এবং নামানোর সময় তা করতে হবে অত্যন্ত মর্যাদার সঙ্গে। আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলনের সময় জাতীয় সংগীত পরিবেশন করতে হবে। তখন উপস্থিত সবাইকে পতাকার দিকে মুখ করে দাঁড়াতে হবে এবং ইউনিফর্ম পরিহিত ব্যক্তিরা স্যালুট প্রদান করবেন।
মোটরযানে জাতীয় পতাকা ব্যবহারের ক্ষেত্রেও নির্দিষ্ট নিয়ম রয়েছে। গাড়িতে পতাকা প্রদর্শন করতে হলে পতাকাদণ্ড গাড়ির চেসিস অথবা রেডিয়েটর ক্যাপের ক্ল্যাম্পের সঙ্গে দৃঢ়ভাবে সংযুক্ত করতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, জাতীয় পতাকার ওপর কোনো ধরনের লেখা, চিহ্ন বা প্রতীক অঙ্কন করা যাবে না।