মুন্সিগঞ্জে ‘জুলাইযোদ্ধা’ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি পাওয়া ১৫ জনের গেজেট বাতিল করেছে সরকার। সম্প্রতি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় তিনটি পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এই সিদ্ধান্ত কার্যকর করেছে। ‘জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ পরিবার ও জুলাইযোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ, ২০২৫’-এর বিশেষ ক্ষমতাবলে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।
বাতিল হওয়া এই তালিকায় ‘অতি গুরুতর আহত’ (শ্রেণি ক) থেকে ১ জন, ‘গুরুতর আহত’ (শ্রেণি খ) থেকে ১ জন এবং ‘আহত’ (শ্রেণি গ) ক্যাটাগরি থেকে ১৩ জনের নাম রয়েছে। গেজেট হারানোদের মধ্যে সাদ্দাম হোসেন মৃধা ও মো. রাব্বি হোসেনের পাশাপাশি মো. মহসীন, মোসা. মানছুরা ও রুনা আক্তার ছোঁয়াসহ আরও অনেকে রয়েছেন।
২০২৪ সালের গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর আহতদের অবস্থাভেদে বিভিন্ন শ্রেণিতে ভাগ করে সুযোগ-সুবিধার আওতায় এনেছিল অন্তর্বর্তীকালীন সরকার। তবে যাচাই-বাছাইয়ের পর এখন এই ১৫ জনের নাম তালিকা থেকে বাদ পড়ল।