দেশে জ্বালানি সংকট নেই বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, জ্বালানি তেলের মূল্য বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই।
জনগণকে আতঙ্কিত হয়ে অতিরিক্ত জ্বালানি না কেনার আহ্বান জানান তিনি।
বুধবার (২৫ মার্চ) সকালে সরকারের এক মাস পূর্তিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মন্ত্রী।
মন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্য সংঘাতে অন্যান্য দেশের মতো বাংলাদেশও কঠিন পরিস্থিতির মুখে আছে, তবে দেশে এই মুহূর্তে জ্বালানি সংকট নেই এবং জ্বালানির মূল্য বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই। জনগণকে আতঙ্কিত হয়ে অতিরিক্ত জ্বালানি না কেনার আহ্বান জানাই।
জুলাই যোদ্ধাদের দায়মুক্তির বিষয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, ত্রয়োদশ সংসদের পরবর্তী অধিবেশনেই জুলাই যোদ্ধাদের দায়মুক্তি দিয়ে অধ্যাদেশ আইনে পরিণত করা হবে।
তিনি আরও বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনের মধ্যে দিয়ে সারা দেশে মানুষের ভোটাধিকার প্রয়োগের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। যা গেল তিনবারের নির্বাচনে বঞ্চিত হয়েছে মানুষ। ১২ ফেব্রুয়ারির নির্বাচন সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ হয়েছে। নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সবার চেষ্টায় এটা সম্ভব হয়েছে।
তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের ইতিহাসে অনুষ্ঠিত ১৩টি নির্বাচনের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ছিল সবচেয়ে স্বচ্ছ ও অবাধ। এজন্য প্রধান নির্বাচন কমিশনারসহ ভোটের সাথে সম্পৃক্ত সকলকে ধন্যবাদ। দায়িত্ব গ্রহণের পর নির্বাচনী ওয়াদা বাস্তবায়নকে প্রধান কেন্দ্রবিন্দুতে পরিণত করেছে সরকার।
পরে ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ড নিয়ে মন্ত্রী আরও বলেন, প্রায় ৩৮ হাজার পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে। সারা দেশের ৪ কোটি ১০ লাখ পরিবারের নারী সদস্য ফ্যামিলি কার্ড পাবে। এছাড়া আগামী ১লা বৈশাখ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২১ হাজার ১৪ জন কৃষকের মাঝে প্রাথমিকভাবে আড়াই হাজার টাকা করে কৃষক কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হবে।