ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন রসায়ন বিভাগের অধ্যাপক ড. আবদুস সালাম। মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩-এর আর্টিকল ১৩ (১) অনুযায়ী গত সোমবার (১৩ এপ্রিল) তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়।
বুধবার (১৫ এপ্রিল) সকালে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, বিভিন্ন অনুষদের ডিন, হলের প্রভোস্ট, বিভাগীয় চেয়ারম্যান, ইনস্টিটিউট পরিচালকসহ বিপুলসংখ্যক শিক্ষক ও কর্মকর্তা উপস্থিত ছিলেন।
নবনিযুক্ত প্রো-ভাইস চ্যান্সেলরকে স্বাগত জানিয়ে ভাইস চ্যান্সেলর বলেন, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক উৎকর্ষ, প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি বলেন, দল-মতের ঊর্ধ্বে থেকে একাডেমিক পরিবেশ বজায় রাখা একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ড. আবদুস সালামের একাডেমিক দক্ষতা ও অভিজ্ঞতার প্রশংসা করেন উপাচার্য। বক্তব্যের শুরুতে উপাচার্য সকালে শিক্ষার্থী পরিবহনকারী একটি বিআরটিসি বাস দুর্ঘটনায় আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
তিনি আরও বলেন, ‘রাইট পারসনকে রাইট পজিশনে’ নিয়োগ দেওয়া না গেলে প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয় এবং অতীতে ভুল সিদ্ধান্তের কারণে কাঙ্ক্ষিত অগ্রগতি ব্যাহত হয়েছে।
প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা বলেন, এ পদে একজন দক্ষ ও যোগ্য একাডেমিক ব্যক্তিত্বের প্রয়োজন ছিল এবং ড. আবদুস সালামের নিয়োগ সেই প্রত্যাশা পূরণ করেছে। তার মতে, বর্তমান প্রশাসনের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণায় নতুন গতি আসবে।
দায়িত্ব গ্রহণ করে ড. আবদুস সালাম মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বিশ্ববিদ্যালয়ের মর্যাদা ও সুনাম অক্ষুণ্ণ রাখতে নিষ্ঠার সঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
তিনি বলেন, একজন শিক্ষার্থী থেকে শিক্ষক এবং প্রশাসনিক দায়িত্ব পালনের মাধ্যমে এ পর্যায়ে আসতে পেরে তিনি গর্বিত এবং দায়িত্ব পালনে সবার সহযোগিতা কামনা করেন।
এদিকে নবনিযুক্ত প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) হিসেবে দায়িত্ব গ্রহণের পর তিনি সবার প্রতি ফুলেল শুভেচ্ছা, মিষ্টি বা অন্য কোনো ধরনের উপহার না দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন।